বাংলাদেশ পুলিশের জন্য স্বতন্ত্র পে স্কেল চালুর দাবি আবারও জোরালোভাবে উঠে এসেছে। একই সঙ্গে ঝুঁকিভাতা, ওভারটাইম বিল, সুদমুক্ত মোটরসাইকেল ঋণ এবং অবসরের আগে অনারারি পদোন্নতিসহ একাধিক সুবিধার দাবি জানিয়েছেন পুলিশ সদস্যরা।
রোববার (১০ মে) পুলিশ সপ্তাহের অনুষ্ঠান শেষে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত কল্যাণ প্যারেডে এসব দাবি উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, বিচার বিভাগ ও সেনাবাহিনীর মতো পুলিশের জন্যও আলাদা বেতন কাঠামো প্রয়োজন। তাদের মতে, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেন, তাই আলাদা পে স্কেল সময়ের দাবি।
কল্যাণ প্যারেডে উপপরিদর্শক (এসআই)দের জন্য মোটরসাইকেল কেনায় সুদমুক্ত ঋণ ও জ্বালানি সহায়তার দাবিও জানানো হয়। কর্মকর্তারা বলেন, তদন্ত কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে মাঠ পর্যায়ে যাতায়াত সুবিধা বাড়ানো জরুরি।
কামরুল হাসান তালুকদার বলেন, তদন্ত ব্যয় বৃদ্ধি পাওয়ায় বর্তমান সুবিধা পর্যাপ্ত নয়। মোটরসাইকেল ও জ্বালানি সহায়তা পেলে মাঠ পর্যায়ের কাজ আরও গতিশীল হবে।
এছাড়া ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের জন্য ঝুঁকিভাতা এবং অতিরিক্ত ডিউটির বিপরীতে ৫০ শতাংশ ওভারটাইম বিল দেওয়ার দাবিও তোলা হয়।
এক নারী কনস্টেবল অবসরের আগে অনারারি পদোন্নতির প্রস্তাব দেন। তার মতে, দীর্ঘদিন একই পদে থেকে অবসরে যাওয়ার পরিবর্তে অন্তত এক ধাপ পদোন্নতি পেলে সদস্যদের মনোবল বাড়বে।
পুলিশ অবকাঠামো উন্নয়ন, ব্যারাক ও থানা ভবনের জন্য পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার দাবিও জানানো হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পেশাদার ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।