দেশে হামের পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা আরও বেড়ে গেছে।
রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৬৫ জন শিশু।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২০৫ জন শিশুর হামে আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত করা হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৭৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন করে মারা যাওয়া শিশুদের মধ্যে চারজন হামে আক্রান্ত ছিল। এর মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের।
এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগে ৩ জন, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ২ জন করে শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে সারা দেশে মোট ১ হাজার ৫০৩ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি ৪৯৬ জন ভর্তি হয়েছে ঢাকা বিভাগে।
হাসপাতাল থেকে সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছে ১ হাজার ১১৬ জন শিশু, যার মধ্যে ৪৪৩ জন ঢাকা বিভাগের।
প্রতিবেদন আরও জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৪৯ হাজার ১৫৯ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৩৪ হাজার ৯০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৬ হাজার ৮১৯ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত করা হয়েছে। এ পর্যন্ত ৩০ হাজার ৮৬২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম ও সচেতনতা বাড়ানো জরুরি।