কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে জেলা প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্টেশন মাস্টারের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করেন। এ সময় স্টেশন এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিক্ষোভকারীরা খুলনা-ঢাকা রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের কুমারখালী স্টেশনে যাত্রাবিরতির দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন অবস্থান কর্মসূচির উদ্যোক্তা ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস, জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা শাখার নায়েবে আমির শামসুদ্দিন আহমাদ, কুমারখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জিলাল ও কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমির প্রমুখ।
প্রায় এক ঘণ্টাব্যাপী কর্মসূচির পর কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগামী ২৭ জুনের মধ্যে কুমারখালী স্টেশনে অন্তত একটি আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর আশ্বাস দেন।
এর পরিপ্রেক্ষিতে কর্মসূচি স্থগিত ঘোষণা করেন গণঅধিকার পরিষদের নেতা শাকিল আহমেদ তিয়াস। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
শামসুদ্দিন আহমেদ বলেন, কুমারখালীতে বেনাপোল এবং সুন্দরবন এক্সপ্রেসের দুইটি ট্রেনের স্টপেজ দিতে হবে, অন্যথায় আমাদের এই আন্দোলন আরো কঠোর আকার ধারণ করবে।
নিউজ ডেস্ক