বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর নতুন প্রশাসক নিয়োগকে ঘিরে জেলায় আলোচনা এখন তুঙ্গে। রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ নাগরিক সবখানেই একটাই প্রশ্ন, বগুড়া সিটির প্রথম প্রশাসকের দায়িত্ব কার হাতে যাচ্ছে।
গত ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার অনুমোদন দেওয়ার পর থেকেই প্রশাসক নিয়োগের বিষয়টি গুরুত্ব পেয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, চলতি সপ্তাহেই অথবা আগামী মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত প্রশাসকই নতুন সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনা করবেন।
বগুড়া দীর্ঘদিন ধরেই জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। এ কারণে প্রশাসক পদে এমন কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে, যিনি একদিকে প্রশাসনিক সক্ষমতা রাখবেন, অন্যদিকে স্থানীয় রাজনৈতিক ও সাংগঠনিক বাস্তবতাও ভালোভাবে বুঝবেন এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্ভাব্য নামের তালিকায় বেশ কয়েকজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন। শহর বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির সহ-সভাপতি হামিদুল হক চৌধুরী হিরুর নাম সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। অনেক সমর্থক প্রকাশ্যেই তাকে এই দায়িত্বে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
একই সঙ্গে আলোচনায় রয়েছেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান। রাজনৈতিক মহলে তাকে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে. এম. খায়রুল বাশারও সম্ভাব্যদের মধ্যে আছেন। তৃণমূল রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকার কারণে তার নামও আলোচনায় উঠে এসেছে। তরুণ নেতৃত্বের প্রতিনিধিত্বকারী হিসেবে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমকেও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রাখা হচ্ছে।
এ ছাড়া সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলী আসগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলের নামও স্থানীয় রাজনৈতিক আলোচনায় ঘুরছে।
তবে নাগরিকদের প্রত্যাশা ভিন্ন জায়গায়। তাদের মতে, নতুন সিটি করপোরেশনের যাত্রার শুরুতেই প্রয়োজন এমন একজন দায়িত্বশীল প্রশাসক, যিনি নগর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে অগ্রাধিকার দেবেন।
এখন বগুড়াবাসীর নজর সরকারের সিদ্ধান্তের দিকে। মঙ্গলবারের মধ্যেই যদি নিয়োগ আসে, তাহলে বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক কে হচ্ছেন সেই জল্পনার অবসান ঘটতে পারে।
নিউজ ডেস্ক