ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের (আইইউএসসি) আয়োজিত “আইইউএসসি ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল ২০২৬”। পূবালী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতা এবং সোহান’স কোচিংয়ের সহযোগিতায় সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করা হয়। দুই দিনব্যাপী এ আয়োজন চলবে মঙ্গলবার (১২ মে) পর্যন্ত।
সোমবার দুপুর ১২টায় বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ইয়াকুব আলী, রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম, পূবালী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর শাহনাজ খান এবং আইইউএসসির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শাহজাহান আলী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপাচার্য উৎসবে অংশ নেওয়া বিভিন্ন প্রজেক্ট ও বিজ্ঞান প্রদর্শনী পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্যই হলো গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানচর্চার পরিবেশ সৃষ্টি করা এবং এ আয়োজন সেই লক্ষ্যকে আরও এগিয়ে নেবে।
তিনি আরও বলেন, বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চিকিৎসা, যোগাযোগ ও পরিবহনসহ সবক্ষেত্রে বিজ্ঞান মানুষের জীবনকে সহজ ও গতিশীল করেছে।
আইইউএসসির সভাপতি জুনাইদুল মুস্তাফা বলেন, “এই বিজ্ঞান উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণা ও উদ্ভাবনী চিন্তার সংস্কৃতি গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। উৎসব সফলভাবে বাস্তবায়নে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।”
উৎসবের প্রথম দিনে সকাল ১০টা থেকে একযোগে এক্সিবিশন হলে প্রজেক্ট শোকেস, সায়েন্স গ্যালারিতে পোস্টার প্রেজেন্টেশন, সেমিনার রুমে থ্রি মিনিট প্রেজেন্টেশন, ইনডোর গেমস রুমে দাবা প্রতিযোগিতা এবং অডিটোরিয়ামে সায়েন্স বিঙ্গো অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেল ৪টায় থিয়েটার রুমে আয়োজন করা হয় ৪ডি ও ৯ডি মুভি শো।
আয়োজক সূত্রে জানা যায়, উৎসবের দ্বিতীয় দিন মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টায় পরীক্ষা হলে বিজ্ঞান অলিম্পিয়াড এবং ইনডোর গেমস রুমে রুবিক্স কিউব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় এক্সিবিশন হলে দ্বিতীয় দিনের প্রজেক্ট শোকেস ও আর্ট গ্যালারিতে ফটোগ্রাফি প্রতিযোগিতা আয়োজন করা হবে। এছাড়া বেলা ১১টায় ক্যাম্পাসজুড়ে অনুষ্ঠিত হবে ট্রেজার হান্ট। দিনব্যাপী আয়োজন শেষে বিকেল ৪টায় থিয়েটার রুমে মুভি শো এবং বিকেল সাড়ে ৫টায় মূল অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ উৎসবের পর্দা নামবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের (আইইউএসসি) আয়োজিত “আইইউএসসি ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল ২০২৬”। পূবালী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতা এবং সোহান’স কোচিংয়ের সহযোগিতায় সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করা হয়। দুই দিনব্যাপী এ আয়োজন চলবে মঙ্গলবার (১২ মে) পর্যন্ত।
নিউজ ডেস্ক