তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, যিনি ‘থালাপতি বিজয়’ নামেও পরিচিত, দায়িত্ব নিয়েই রাজ্যজুড়ে ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। সামাজিক শৃঙ্খলা ও নাগরিক অধিকার রক্ষার অংশ হিসেবে মঙ্গলবার সকালে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
মুখ্যমন্ত্রী বিজয়ের নির্দেশ অনুযায়ী, তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টাসম্যাক) পরিচালিত যেসব মদের দোকান ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের কাছাকাছি রয়েছে, সেগুলো অবিলম্বে বন্ধ করা হবে।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে টাসম্যাকের অধীনে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, কলেজ কিংবা জনবহুল বাসস্ট্যান্ডের ৫০ মিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না।বন্ধ হতে যাওয়া দোকানগুলোর মধ্যে ২৭৬টি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে অবস্থিত।
গত রোববার ৫১ বছর বয়সী অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার দল তামিলনাড়ু ভেট্টি কাজাগাম (টিভিকে) এবারের নির্বাচনে ডিএমকে ও এআইএডিএমকের দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য ভেঙে ঐতিহাসিক বিজয় অর্জন করে।
কংগ্রেস, বামপন্থী দল এবং মুসলিম লিগসহ বিভিন্ন দলের সমর্থনে প্রথমবারের মতো জোট সরকার গঠন করেছে টিভিকে। ক্ষমতায় এসেই সামাজিক সংস্কার ও জনকল্যাণমূলক কার্যক্রমে জোর দিচ্ছেন বিজয়।ইতোমধ্যে বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ, নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন এবং জেলাভিত্তিক মাদকবিরোধী ইউনিট তৈরির পরিকল্পনাও ঘোষণা করেছে তার সরকার।
তবে বিশ্লেষকদের আশঙ্কা, বিপুল সংখ্যক মদের দোকান বন্ধের ফলে রাজ্যের আয়ে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এতে জনকল্যাণমূলক প্রকল্পগুলোর অর্থায়নেও চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: এবিপি নিউজ
নিউজ ডেস্ক