যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নিরসনে চার দফা প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইরান জানিয়েছে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বেইজিংয়ের এই উদ্যোগকে তারা সমর্থন করছে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে চীনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আব্দোলরেজা রাহমানি ফাজলি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থায়ী নিরাপত্তা ও যৌথ উন্নয়ন নিশ্চিত করতেই চীনের প্রস্তাবকে সমর্থন করছে তেহরান। তিনি জানান, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও বিষয়টি গুরুত্ব পেয়েছে।
এর আগে বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে বৈঠকে শি জিনপিং মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে চার দফা পরিকল্পনা তুলে ধরেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চীনের প্রস্তাবে শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাম্প্রতিক প্রতিক্রিয়াকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ইরানের প্রতিনিধিদের জবাব তার কাছে মোটেও গ্রহণযোগ্য মনে হয়নি।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান কাজ করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরান তাদের জবাবে জানিয়েছে, আলোচনার মূল লক্ষ্য হওয়া উচিত যুদ্ধ বন্ধ করা। পাশাপাশি তেহরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি পরবর্তী ধাপে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে, তাদের প্রস্তাবে লেবাননসহ সব ফ্রন্টে আগ্রাসন বন্ধ এবং পারস্য উপসাগরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
নিউজ ডেস্ক