চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ পথে আনা ভারতীয় গরু চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১৩ মে) সকালে পৃথক চারটি অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহলদল।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ সকাল ০৭টা থেকে ১১টা পর্যন্ত ৫৩ বিজিবি’র চারটি বিশেষ টহলদল সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে। অভিযানে জব্দকৃত গরুর অবস্থানগুলো হলো:
হাকিমপুর বিওপি: সদর থানাধীন সুন্দরপুর ইউনিয়নের সোনাদিয়াচর গ্রাম থেকে ০১টি গরু।
ফরিদপুর বিওপি: সুন্দরপুর ইউনিয়নের কদমতলী গ্রাম থেকে ০১টি গরু।
মনাকষা বিওপি: সুন্দরপুর ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম থেকে ০১টি গরু।
জহুরপুর বিওপি: সূর্যনারায়নপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রাম থেকে ০১টি গরু।
জব্দকৃত এই ৪টি গরুর আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে ৯ লক্ষ ৪০ হাজার টাকা। উদ্ধার পরবর্তী প্রক্রিয়া হিসেবে গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, চলতি মে মাসে ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত সর্বমোট ১৬টি গরু জব্দ করেছে। যার সম্মিলিত বাজার মূল্য প্রায় ২৯ লক্ষ ৪০ হাজার টাকা।
অভিযানের সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান:"সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সীমান্তে গরু চোরাচালানের সম্ভাবনা বেড়ে যাওয়ায় আমরা আমাদের তৎপরতা বৃদ্ধি করেছি।"
তিনি আরও জানান, চোরাচালান রোধে সীমান্তের দুর্গম এলাকা ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল, অস্থায়ী চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জনস্বার্থে এবং সীমান্ত নিরাপত্তায় বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
নিউজ ডেস্ক