ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব বলে দাবি করেছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স। পশ্চিমা কয়েকজন কর্মকর্তার বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চ মাসে ইরানের ভেতরে একাধিক গোপন অভিযান চালায় সৌদি বাহিনী।
প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের পক্ষ থেকে হামলার জবাবে সৌদি আরব পাল্টা এই পদক্ষেপ নেয়। পশ্চিমা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এটিই প্রথমবার যখন সৌদি আরব সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে।
তবে হামলার লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, মার্চের শেষ দিকে সৌদি আরব ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিল। পরবর্তীতে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসে।
গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন। পশ্চিমা কর্মকর্তাদের দাবি, এর আগেই সৌদি আরব ও ইরানের মধ্যকার উত্তেজনা প্রশমিত হতে শুরু করেছিল।
এ বিষয়ে মন্তব্য জানতে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই প্রতিবেদন নতুন করে আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা তৈরি করেছে।