ভারতের উত্তর প্রদেশ অঙ্গরাজ্যে শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টিপাতে অন্তত ৮৯ জন নিহত হয়েছেন। ত্রাণ কমিশনারের দপ্তর জানিয়েছে, ঝড়ে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এবং অসংখ্য বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ত্রাণ কমিশনারের দপ্তর জানায়, বুধবার (১৩ মে) ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রপাতসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজ্যে ৮৯ জনের মৃত্যু, ৫৩ জন আহত, ১১৪টি গবাদিপশুর ক্ষয়ক্ষতি এবং ৮৭টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি মুখ্যমন্ত্রী গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছেন।
দপ্তরটি আরও জানায়, মুখ্যমন্ত্রী সব বিভাগীয় কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেটদের ঘটনাগুলো ‘পূর্ণ সংবেদনশীলতার সঙ্গে’ যাচাই করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে ২৪ ঘণ্টার মধ্যে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া এবং প্রয়োজনীয় অন্যান্য সহায়তা নিশ্চিত করতে বলা হয়েছে।
আনন্দবাজার অনলাইন জানিয়েছে, ঝড়বৃষ্টিতে অযোধ্যা, বারাণসী এবং গাজ়িয়াবাদসহ উত্তরপ্রদেশের ৩০টি জেলা লন্ডভন্ড হয়ে গেছে। কোথাও ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড়, তার সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে মৃত্যু হয়েছে ৮৯ জনের। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে প্রয়াগরাজে। সেখানে ১৭ জন মারা গিয়েছেন।
এ দিকে রাজ্যের বরেলীতে টিনের ছাউনিসহ এক ব্যক্তিকে ৪৫ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গিয়ে ১০০ মিটার দূরে ফেলেছে ঝড়। এতে গুরুতর আহত হয়েছেন তিনি।
এ ঝড়-বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রয়াগরাজ, প্রতাপগড়, ভদোহী, ফতেহপুর, উন্নাও, কানপুর দেহাত, চন্দৌলী, সোনভদ্র এবং বদায়ুঁ জেলায়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় উদ্ধারকাজ চলছে।
সূত্র: দ্য হিন্দুর