ঢাকা

হাজী সেলিমের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকার জেলা প্রশাসন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

সরকারি খাস জমি দখল করে দুই দশকেরও বেশি সময় ধরে রাজধানীর লালবাগ এলাকায় গড়ে তোলা হাজী সেলিমের মদিনা গ্রুপের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকার জেলা প্রশাসন।

বুধবার (১৩ মে) ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, লালবাগ মৌজার ১ নম্বর খাস খতিয়ানের সরকারি জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে সেখানে স্থাপনা নির্মাণ ও ব্যবহার করে আসছিল মদিনা গ্রুপ। এ ঘটনায় উচ্ছেদ মোকদ্দমার পরিপ্রেক্ষিতে গত ১৩ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) দখল পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় চিঠি জারি করেন।

পরবর্তীতে দখলদার পক্ষ উচ্চ আদালতে রিট আবেদন করে স্থগিতাদেশ নেয়। তবে সরকারপক্ষের দায়ের করা সিভিল বিবিধ মামলার পরিপ্রেক্ষিতে গত ১২ মে চেম্বার জজ আদালত পূর্বের স্থগিতাদেশ স্থগিত করেন। আদালতের ওই আদেশের পরই উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

অভিযান চলাকালে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনা ভেঙে সরকারি জমির দখল পুনরুদ্ধার করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সরকারি জমি দখল করে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী সরকারি জমি উদ্ধার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে এসব জমি দখল করতে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

ফরিদা খানম বলেন, এটি দখলদারদের জন্য একটি স্পষ্ট বার্তা। দীর্ঘদিন ধরে যারা সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সেগুলো উচ্ছেদ করা হবে।

স্থানীয় বাসিন্দারা এই অভিযানকে সময়োপযোগী ও সাহসী উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, দীর্ঘদিন প্রভাবশালীদের দখলে থাকা এসব সরকারি জমি থেকে অবশেষে অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা মনে করেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে সরকারি সম্পত্তি দখলের প্রবণতা অনেকাংশে কমে আসবে।




কমেন্ট বক্স