জেরুজালেমের দক্ষিণ-পূর্বে একটি শহরের উপকণ্ঠে ইসরায়েলি বুলডোজার এ সপ্তাহে কয়েক ডজন ফিলিস্তিনি দোকান ভেঙে দিয়েছে। দখলকৃত পশ্চিম তীরে বসতি-সংযুক্ত একটি সড়ক প্রকল্পের প্রস্তুতির অংশ হিসেবে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
বসতি সম্প্রসারণবিরোধী সংগঠন ‘পিস নাউ’-এর পরিচালক হাগিত ওফরান বলেন, ভাঙা দোকানগুলো সেই স্থানে অবস্থিত ছিল যেখানে ইসরায়েল নতুন একটি সড়ক নির্মাণের পরিকল্পনা করছে। তার ভাষ্য অনুযায়ী, এই সড়ক ফিলিস্তিনি যানবাহনকে আলাদা পথে সরিয়ে দেবে, যা ই১ এলাকায় ফিলিস্তিনিদের প্রবেশ কার্যত সীমিত করে দেবে।
মঙ্গলবার এই উচ্ছেদ অভিযান চালানো হয় আল-আইজারিয়া শহরে। এর এক সপ্তাহেরও কম সময় আগে দোকানমালিকদের ‘পারমিট ছাড়া নির্মাণ’ অভিযোগে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। আইনজীবীরা ইসরায়েলি সুপ্রিম কোর্টে আপিল করলেও শেষ পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম বন্ধ হয়নি।
মানবাধিকার সংগঠনগুলো এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, এটি ইসরায়েলের বৃহত্তর পরিকল্পনার অংশ, যেখানে পরিবহন ব্যবস্থায় পরিবর্তন এনে ইসরায়েলি ও ফিলিস্তিনি আইডি ধারীদের জন্য আলাদা সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে।
দোকান মালিক মোহাম্মদ আবু ঘালিয়ে ধ্বংসযজ্ঞের পর ক্ষোভ প্রকাশ করে বলেন, তার পরিবার ৪৮ বছর ধরে পরিশ্রম করে এই ব্যবসা দাঁড় করিয়েছিল, যা এক রাতেই ধ্বংস হয়ে গেছে।
সূত্র: আলজাজিরা
নিউজ ডেস্ক