ঢাকা

ইরানকে অস্ত্র না দেওয়ার আশ্বাস দিল চীন: দাবি ট্রাম্পের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীন ইরানকে কোনো ধরনের সামরিক অস্ত্র বা সরঞ্জাম দেবে না বলে আশ্বাস দিয়েছে। চীন সফরের প্রথম দিনে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠককে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরানকে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে শি জিনপিং স্পষ্ট অবস্থান জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে চীনের বিরুদ্ধে তেহরানকে গোপনে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ উঠেছিল।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি ছিল, তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক প্রযুক্তি পাঠানোর পরিকল্পনা করছে বেইজিং। তবে বৈঠকে শি জিনপিং এসব অভিযোগ নাকচ করেছেন বলে জানিয়েছেন ট্রাম্প।

এদিকে সামরিক সহায়তা না দেওয়ার আশ্বাস দিলেও ইরানের তেল কেনা অব্যাহত রাখতে পারে চীন বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে হরমুজ প্রণালি আবার চালু করতে সহযোগিতার প্রস্তাবও দিয়েছে বেইজিং। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ করে দেয় ইরান।

বাণিজ্যিক ক্ষেত্রেও বৈঠককে সফল বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি জানান, চীন ২০০টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন ও পোল্ট্রি পণ্য আমদানির বিষয়েও ইতিবাচক অবস্থান নিয়েছে বেইজিং।

তবে বৈঠকের ইতিবাচক পরিবেশের মধ্যেও তাইওয়ান ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা স্পষ্ট ছিল। শি জিনপিং সতর্ক করে বলেন, তাইওয়ান প্রশ্নে ভুল পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।

দুই দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিন শেষে গ্রেট হল অব দ্য পিপল-এ আয়োজিত ভোজসভায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও ব্যবসা খাতের বেশ কয়েকজন শীর্ষ উদ্যোক্তা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স