ঢাকা

কিস্তির টাকা জোগাড়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা, রাজমিস্ত্রি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

ফেনীর সদর উপজেলার শর্শদি এলাকায় নির্মাণাধীন ভবনে বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় প্রবাসীর স্ত্রী রিনা আক্তারের মরদেহ উদ্ধারের ঘটনায় মূল রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় অভিযুক্ত রাজমিস্ত্রি সাইফুল ইসলামকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পিবিআই জানায়, ঋণের কিস্তির টাকা জোগাড় করতে পরিকল্পিতভাবে রিনা আক্তারকে হত্যা করে তার স্বর্ণালংকার লুট করেন সাইফুল। বৃহস্পতিবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ফেনীর পুলিশ সুপার উক্য সিংহ।

গ্রেপ্তার সাইফুল ইসলাম ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার এলাকার বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, গত ১২ মে বিকেলে রিনা আক্তার নির্মাণাধীন বাড়িতে পানি দিতে যান। পরে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভবনের ভেতরে বালুর স্তূপের নিচে তার মরদেহ পাওয়া যায়। ঘটনার পর থেকেই রাজমিস্ত্রি সাইফুল পলাতক ছিলেন।

পরে নিহতের ছেলে মহরম আলী ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করলে তদন্তভার পায় পিবিআই। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের বায়েজীদ বোস্তামি এলাকার একটি আবাসিক এলাকা থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন সাইফুল। তিনি জানান, ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে মানসিক চাপে ছিলেন। এজন্য স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে রিনা আক্তারকে গলা চেপে হত্যা করেন। পরে মরদেহ বালুর নিচে চাপা দিয়ে পালিয়ে যান।

পিবিআই আরও জানায়, হত্যার পর নিহতের কানে থাকা স্বর্ণের দুল বিক্রি করে দেন সাইফুল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি স্বর্ণের দোকান থেকে সেই দুল উদ্ধার করা হয়েছে।

পিবিআই জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে।



কমেন্ট বক্স