ঢাকা

পর্তুগালে আলগার্ভে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশির, আহত আরও চারজন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত


পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় আলগার্ভ প্রদেশের মেশিলহোইরা গ্রান্দে এলাকায় ট্রেন দুর্ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুরের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম রাম প্রসাদ সরকার (৩৫)। এ ঘটনায় আরও চার বাংলাদেশি অভিবাসী গুরুতর আহত হয়েছেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মো. ময়নাল হক।

মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় বিকেলে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে বাংলাদেশি পাঁচজনকে বহনকারী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ ট্রেনটি মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দিলে সেটি রেললাইনের পাশে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রাম প্রসাদ সরকারের মৃত্যু হয়।

নিহত রাম প্রসাদ মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের সরিষাদাইড় গ্রামের নিপেন্দ্র সরকারের ছেলে। তিনি মির্জাপুর বাজারে ল্যাপটপ ও কম্পিউটার মেরামতের ব্যবসা করতেন। উন্নত জীবনের আশায় মাত্র ১০ দিন আগে তিনি পর্তুগালে পাড়ি জমান।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ১১টি জরুরি উদ্ধারকারী যান, একটি মেডিকেল হেলিকপ্টার, দমকল বাহিনী, পুলিশ এবং জরুরি চিকিৎসা সেবা দল উদ্ধার অভিযান চালায়। আহত চারজনকে পোর্তিমাও ও ফারো হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

পর্তুগিজ কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগন্যাল অমান্য বা অসতর্কতার কারণে মাইক্রোবাসটি ট্রেনের সামনে চলে আসে।

এ ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটি এবং নিহতের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে মরদেহ ফারো হাসপাতালের মর্গে রাখা রয়েছে। মরদেহ দেশে পাঠানোর বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যায়নি।




কমেন্ট বক্স