ঢাকা

বাউফলে বৈরী আবহাওয়ায় খাল খনন স্থগিত করে শুষ্ক মৌসুমে বাস্তবায়নের দাবি জাতীয় যুবশক্তি-এনসিপি নেতার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

পটুয়াখালীপ্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় বৈরী আবহাওয়ার কারণে চলমান খাল খনন প্রকল্প সাময়িকভাবে স্থগিত রেখে আগামী নভেম্বর মাসের শুষ্ক মৌসুমে বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় যুবশক্তি-এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক ও বগা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য সচিব মুহাম্মদ জাকির হুসাইন। এ বিষয়ে জনস্বার্থ ও সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে তিনি ১৪ মে ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত আবেদন দাখিল করেন।

আবেদন সূত্রে জানা যায়, বগা ইউনিয়নে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ (EGPP)-এর আওতায় ‘বগা রাজনগর পালপাজা বিলের খাল’ খনন প্রকল্প অনুমোদন করা হয়েছে। তবে বর্তমানে কালবৈশাখী ও অতিবৃষ্টির কারণে খালটি পানিতে পূর্ণ হয়ে যাওয়ায় খননকাজ বাস্তবায়নে কারিগরি জটিলতা সৃষ্টি হয়েছে।

মুহাম্মদ জাকির হুসাইন বলেন, “বর্তমান পরিস্থিতিতে এক্সকাভেটর ব্যবহার করেও খালের নির্ধারিত নকশা ও গভীরতা ঠিক রাখা কঠিন হবে। পাশাপাশি খননকৃত মাটি পুনরায় ধসে পড়ে খালের তলদেশ ভরাট হওয়ার আশঙ্কা রয়েছে, যা সরকারি অর্থের অপচয়ের কারণ হতে পারে।”

তিনি আরও বলেন, খালের দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে পানি নিষ্কাশনের পর আগামী নভেম্বর মাসের শুষ্ক মৌসুমে কাজ বাস্তবায়ন করা অধিক যৌক্তিক হবে।

আবেদনের অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।



কমেন্ট বক্স