জ্বালানি নিরাপত্তা জোরদার এবং কৌশলগত সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমওইউর আওতায় দুই দেশ তেল, গ্যাস, ভূতাপীয় শক্তি ও জৈবশক্তি খাতে সহযোগিতা বাড়াবে। পাশাপাশি প্রযুক্তি ও জ্ঞান বিনিময়, গবেষণা এবং সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রেও সহযোগিতার সুযোগ তৈরি হবে।
এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানির সুযোগ সম্প্রসারণেও এই চুক্তি সহায়ক হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ সমঝোতা স্মারককে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি এ উদ্যোগে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট চুক্তিটিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।