ঢাকা

গলাচিপার দুর্গম চরে নারীদের জন্য নতুন আশার আলো ফ্যামিলি কার্ড।

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


পটুয়াখালী জেলা প্রতিনিধি: গলাচিপার দুর্গম ও নদীভাঙন কবলিত চরাঞ্চলের নারীদের জীবনমান উন্নয়ন এবং স্বাবলম্বী পরিবার গঠনের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর আগস্তি, চরবাংলা ও চর মহিউদ্দিন এলাকার ৮০৮ জন নারীর মাঝে এ কার্ড বিতরণ করা হয়।

বর্তমান সরকারের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে দেশব্যাপী এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর।

চরবিশ্বাস বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার আবু ইউসুফ বিপিএম (সেবা), জেলা সমাজসেবা কর্মকর্তা এস এম শাহজাদা, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক, গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম মোস্তফা, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, গলাচিপা গণঅধিকার পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমানসহ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত ও পিছিয়ে পড়া নারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ করে নদীভাঙন, ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের নারীদের পাশে দাঁড়াতে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কর্মসূচির মাধ্যমে উপকারভোগীরা নিয়মিত আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সরকারি সুবিধা পাবেন বলে জানান বক্তারা।

ফ্যামিলি কার্ড হাতে পেয়ে অনেক নারী আবেগাপ্লুত হয়ে পড়েন। উপকারভোগী মোসা. নুপুর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমরা নদীভাঙনের মানুষ। ঝড়-বন্যা নিয়ে সবসময় কষ্টে থাকি। এমন সহায়তা কোনোদিন পাবো ভাবিনি। মাসে মাসে আর্থিক সহায়তা পেলে সংসার চালাতে অনেক সুবিধা হবে।”

স্থানীয়দের মতে, দুর্গম চরাঞ্চলের নারীদের জন্য এ উদ্যোগ নতুন আশার আলো হয়ে এসেছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এসব এলাকার নারীরা সরাসরি সরকারি সহায়তার আওতায় আসায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও সন্তোষ দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এমন উদ্যোগ চরাঞ্চলের নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



কমেন্ট বক্স