ঢাকা

জিআই স্বীকৃতিপ্রাপ্ত হাজরাপুরী লিচুর গৌরবে মাগুরায় দুই দিনব্যাপী মেলার উদ্বোধন।

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


মাগুরা প্রতিনিধি : জিআই স্বীকৃতিপ্রাপ্ত বিখ্যাত হাজরাপুরী লিচুকে ঘিরে মাগুরায় দুই দিনব্যাপী লিচু মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন লিচু বাগানে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন খান, নেওয়াজ হালিমা আরলী, মোল্লা আজাদ হোসেন, আলি আহমদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আল মারুফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড. মোঃ হযরত আলী এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক তাজুল ইসলাম, নারী উদ্যোক্তা জেনিস ফারজানা, লিচু চাষী জহুরুল ইসলাম পিয়াল ও মনিরুজ্জামান।
বক্তারা বলেন, হাজরাপুরী লিচু এখন শুধু মাগুরার চাহিদাই পূরণ করছে না, দেশের বিভিন্ন জেলায়ও ব্যাপকভাবে সরবরাহ হচ্ছে। সম্প্রতি এ লিচু জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় এর সুনাম আরও বেড়েছে। তারা এই ঐতিহ্য ধরে রাখতে লিচু সংরক্ষণের ব্যবস্থা, চাষিদের প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

লিচু চাষিরা জানান, হাজরাপুরী লিচুর জিআই স্বীকৃতি তাদের জন্য গর্বের বিষয়। তারা লিচু সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণ এবং কৃষি বিভাগের পক্ষ থেকে স্প্রে মেশিন সরবরাহের দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, হাজরাপুরী লিচুর দেশজুড়ে ব্যাপক কদর রয়েছে। জিআই স্বীকৃতি পাওয়ায় মাগুরাবাসীর গৌরব আরও বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে লিচুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লিচু সংরক্ষণ, আধুনিক চাষাবাদ এবং চাষিদের প্রশিক্ষণের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে। 

এ বিষয়ে চাষিদের প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন বলেও তিনি আশ্বাস দেন।
মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় ১৮টি স্টল অংশ নিয়েছে। রবিবার মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।



কমেন্ট বক্স