ঢাকা

ঝিনাইদহে ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : মিরর নিউজ ছবি : মিরর নিউজ


ঝিনাইদহ সদর উপজেলার বেতাই পূর্বপাড়ায় ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই সোহেল রানা (৪২) নিহত হয়েছেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (অপারেশন) শামসুজ্জোহা জানান, ছোট ভাই সাব্বির আহমেদ ওরফে জুয়েলের বিরুদ্ধে বড় ভাইকে বটি দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।


প্রতিবেশী মিশন আহমেদ জানান, সৌদি প্রবাসী সাব্বির আহমেদ দুই মাস আগে দেশে ফেরেন। বিদেশে থাকা অবস্থায় পাঠানো টাকার হিসাব-নিকাশ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এদিন দুপুরে জ্বালানি কাঠ ভাগাভাগি নিয়ে নতুন করে কথা-কাটাকাটি শুরু হলে সোহেল বটি এনে ছোট ভাইয়ের দিকে ছুড়ে মারেন।


এতে জুয়েলের পায়ে কেটে গেলে তিনি উত্তেজিত হয়ে সেই বটি দিয়ে সোহেলের গলায় কোপ দেন।

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা সোহেল রানাকে ঝিনাইদহের ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব শাহনেওয়াজ সুমন জানান, নিহত সোহেল রানা গান্না ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি ছিলেন। তিনি হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেন।


ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।



কমেন্ট বক্স