ঢাকা

আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশকে ফুলের বাগানের মতো করে গড়ে তুলব

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি সংগৃীহত ছবি সংগৃীহত

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় এলে ধর্ম ও বর্ণের ভিত্তিতে কোনো বিভেদ রাখা হবে না। সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে একটি সুন্দর ও সমৃদ্ধ “ফুলের বাগান” পরিণত করা হবে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজ মাঠে কুমিল্লা–৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. মুহাম্মদ মোবারক হোসাইনের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, যারা বর্তমানে চাঁদাবাজি, দুর্নীতি বা মানুষের প্রতি অন্যায় আচরণে জড়িত, তাদের সহিংস পথে নয়, সুস্থ ও সম্মানজনক জীবন ফিরে পেতে সহযোগিতা করা হবে। চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ড থেকে সরে সৎ পথে ফিরে আসার জন্য সকলকে উৎসাহিত করা হবে।

তিনি আরও বলেন, দুর্নীতিতে জড়িত রাষ্ট্রীয় কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তাদের বেতন-ভাতা এমনভাবে নির্ধারণ করা হবে, যাতে পরিবার নিয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।

নারীদের নিরাপত্তা ও সম্মানের বিষয়েও শফিকুর রহমান বলেন, পরিবার থেকে শুরু করে কর্মস্থল পর্যন্ত নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।

যুবসমাজকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের প্রতিটি যুবক হোক দেশ গড়ার কারিগর। তাদের সক্ষমতা ও শক্তি দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।

ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছর ধরে দেশে বেইনসাফি, সন্ত্রাস, দুর্নীতি ও মা-বোনদের ইজ্জত হরণের মাধ্যমে একটি ধ্বংসাত্মক রাজনৈতিক সংস্কৃতি চালানো হয়েছে। এটিকে বদলাতে জামায়াতে ইসলামী রাজপথে এসেছে। তারা চাই মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত, উন্নত ও সম্মানজনক বাংলাদেশ।

তিনি আরও বলেন, দেশের যুবসমাজ সবসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং স্বাধীনতা ও মুক্তির পথে পথপ্রদর্শক হয়েছে। জনগণের উদ্দেশে তিনি প্রতিশ্রুতি দেন, ‘আপনারা যদি আমাদের ১১ দলীয় জোটকে নির্বাচিত করেন, আমরা কখনোই অন্যায় করব না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা–৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ মোবারক হোসাইন। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি ও প্রধান শিক্ষক মো. কবির হোসাইন এবং জামায়াতে ইসলামীর মো. আব্দুল আউয়াল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিগবাতুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক মুহাম্মদ আব্দুল আউয়াল, অধ্যক্ষ আব্দুল হান্নান, বর্তমান আমির অধ্যাপক মুহাম্মদ অহিদুর রহমান, সেক্রেটারি মুহাম্মদ আবুল হোসাইন, ব্রাহ্মণপাড়া উপজেলা আমির মাওলানা মুহাম্মদ রেজাউল করিম, মাওলানা মিজানুর রহমান আতিকীসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।




কমেন্ট বক্স