ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে নতুন করে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় উদ্বেগ বাড়ছে আফ্রিকাজুড়ে। আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, এখন পর্যন্ত কয়েকশ সংক্রমণের ঘটনায় অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে।
সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ইতুরি প্রদেশের খনি অধ্যুষিত মঙ্গওয়ালু ও রওয়াম্পারা এলাকার বাসিন্দারা। একই সময়ে প্রতিবেশী উগান্ডাতেও একজন ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে।
উগান্ডার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ডিআর কঙ্গো থেকে আসা এক ব্যক্তি ইবোলা আক্রান্ত হয়ে মারা গেছেন। পরীক্ষার মাধ্যমে তার শরীরে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, শরীরের তরল পদার্থের সংস্পর্শের মাধ্যমে ছড়ানো এই ভাইরাস অত্যন্ত প্রাণঘাতী। জ্বর, দুর্বলতা, পেশিতে ব্যথা, বমি ও রক্তক্ষরণের মতো উপসর্গ দেখা দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ইবোলায় মৃত্যুহার অনেক ক্ষেত্রেই অর্ধেকের কাছাকাছি পৌঁছে যায়।
আফ্রিকা সিডিসি জানিয়েছে, ঘনবসতিপূর্ণ শহর ও খনি অঞ্চলে মানুষের চলাচল বেশি হওয়ায় সংক্রমণ দ্রুত বিস্তারের ঝুঁকি রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ডিআর কঙ্গো, উগান্ডা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় করে জরুরি বৈঠক করছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
গত কয়েক দশকে আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলা ভাইরাসে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।