ঢাকা

বাবার খনন করা খাল পুনঃখনন করলেন তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
বাবার স্মৃতিবিজড়িত যশোরের উলাশী-যদুনাথপুর খাল পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে খননকাজ শুরু করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। সকাল থেকেই অনুষ্ঠানস্থলে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে ছিল।


স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে অব্যবহৃত অবস্থায় ছিল। এতে বর্ষায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকট দেখা দিত। খাল পুনঃখনন শুরু হওয়ায় তারা পানি ব্যবস্থাপনায় উন্নতির আশা করছেন।


নেতাকর্মীরা ইতিহাস স্মরণ করে জানান, প্রায় ৫০ বছর আগে ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান উলাশী-যদুনাথপুর এলাকায় প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ খাল খননের উদ্যোগ নিয়েছিলেন। সেই সময় স্বেচ্ছাশ্রমে স্থানীয়রা ব্যাপকভাবে অংশ নেন এবং ১৯৭৭ সালের ৩০ এপ্রিল খননকাজ শেষ হয়।


উলাশী গ্রামের প্রবীণ আবদুল বারিক মণ্ডল বলেন, সে সময় রাষ্ট্রপতি হেলিকপ্টারে এসে স্কুল মাঠে নামেন এবং নিজ হাতে কোদাল দিয়ে খাল খননের সূচনা করেন। স্থানীয়দের মতে, তখন বিপুল মানুষ বিনা পারিশ্রমিকে কাজ করেন, শুধু খাবার হিসেবে রুটি ও গুড় দেওয়া হতো।


তিনি আরও বলেন, বর্তমান উদ্যোগও এলাকার জন্য ইতিবাচক হতে পারে, যদি এটি শুধু উদ্বোধনে সীমাবদ্ধ না থেকে বাস্তবায়নে অগ্রগতি হয়।


এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে যশোরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


দিনের কর্মসূচিতে আরও রয়েছে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য দেওয়া। কর্মসূচি শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।





কমেন্ট বক্স