ঢাকা

হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ফের রিমান্ডে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।


সোমবার (২৭ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।


এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি মিরপুর বিভাগের এসআই কফিল উদ্দিন সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি কিছু তথ্য দিলেও গুরুত্বপূর্ণ অনেক বিষয় গোপন করছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং তথ্য যাচাইয়ের জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।


শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। এ সময় আসামি কিছু মন্তব্যের জবাব দেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব রিমান্ড বাতিলের আবেদন জানিয়ে বলেন, তার মক্কেল শারীরিকভাবে অসুস্থ এবং এর আগে দু’দফায় রিমান্ডে নেওয়া হয়েছে। তার চিকিৎসা সংক্রান্ত বিষয়ও আদালতে উপস্থাপন করা হয়।


দুই পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে গত ১১ এপ্রিল আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন। পরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ছাড়পত্র পাওয়ার পর তাকে আবার আদালতে হাজির করে নতুন রিমান্ড আবেদন করা হয়।


মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা চালানো হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি আহত হন এবং পরে ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


এ ঘটনায় নিহতের স্ত্রী লিজা ২০২৫ সালের ৬ জুলাই মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২৩ মার্চ রাজধানীর বারিধারা এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করা হয়।




কমেন্ট বক্স