ঢাকা

ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনার কোনো প্রশ্নই ওঠে না: হিজবুল্লাহ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের সরাসরি আলোচনার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন সংগঠনটির মহাসচিব নাইম কাসেম।

তিনি বলেছেন, ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ ও জবাব দেওয়া অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ করবে না এবং প্রতিরক্ষা ও যুদ্ধক্ষেত্রে তাদের প্রস্তুতি কার্যকরভাবে প্রমাণিত হয়েছে।

নাইম কাসেম আরও বলেন, লেবানন সরকার অপ্রয়োজনীয় ও তড়িঘড়ি করে কিছু ছাড় দিয়েছে। তবে ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনা তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। তার মতে, কূটনৈতিক পথ হিসেবে কেবল পরোক্ষ আলোচনাই গ্রহণযোগ্য।

এদিকে লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্ত এলাকায় গোলাগুলি অব্যাহত রয়েছে। দক্ষিণ লেবাননে এবং সীমান্তের ওপারে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

সংগঠনটি বলছে, তারা কোনো “ব্যর্থ কূটনীতি”র ওপর নির্ভর করবে না। যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি বিমান হামলা, গোলাবর্ষণ ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে।

অন্যদিকে, যুদ্ধবিরতির শুরু থেকেই সীমান্ত এলাকায় সংঘর্ষ থামেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হলেও বাস্তব পরিস্থিতিকে অনেক বাসিন্দা “নামমাত্র যুদ্ধবিরতি” হিসেবে বর্ণনা করছেন।



কমেন্ট বক্স