ঢাকা

প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন: সংসদে মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন সংসদ কাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।


এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে আয়োজন করা হয়। সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে সাধারণত ১০ মাস থেকে এক বছর সময় প্রয়োজন হয়। ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সামগ্রী প্রস্তুত, কর্মকর্তা প্রশিক্ষণ, কেন্দ্র নির্ধারণসহ নানা প্রস্তুতিমূলক কাজের জন্য অন্তত ৪৫ দিন সময় লাগে বলে তিনি উল্লেখ করেন।


আরেক প্রশ্নের উত্তরে তিনি জানান, ভোটের সময় ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা ও আবহাওয়ার বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হয়।


ফরিদপুর ও কুমিল্লা বিভাগ গঠন প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসনিক সংস্কার কমিশন নতুন দুটি বিভাগ গঠনের সুপারিশ করেছে। প্রস্তাব অনুযায়ী ফরিদপুর বিভাগের আওতায় ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিকার বৈঠক।


ইভিএম প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী জানান, দেড় লাখ ইভিএম কেনার জন্য প্রায় ৩,৮২৫ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন করা হয়। প্রকল্পটি ইতোমধ্যে শেষ হয়েছে, তবে এর অডিট আপত্তি নিষ্পত্তি হয়নি এবং দুর্নীতি দমন কমিশনের তদন্তও চলমান রয়েছে।


তিনি আরও বলেন, জাতীয় ও স্থানীয় পর্যায়ের কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বর্তমানে ব্যবহৃত ইভিএমগুলো বিভিন্ন স্থানে সংরক্ষিত রয়েছে।




কমেন্ট বক্স